জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রথম ধাপে ঘোষণা করা হয়েছে ১২৫ আসনে প্রার্থীর নাম। এর মধ্যে রয়েছে সিলেট বিভাগের ৫টি আসন।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
সিলেট বিভাগের ৫ আসনে মনোনয়নপ্রাপ্তরা হলেন সিলেট-১ এহতেশাম হক, সিলেট-৩ ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট-৪ মো. রাশেল উল আলম, মৌলভীবাজার-৪ প্রীতম দাশ ও হবিগঞ্জ-৪ নাহিদ উদ্দিন তারেক।
এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এবার তারা ব্যালট রেভল্যুশনে যাচ্ছেন। তিনি দলীয় প্রতীক শাপলা কলি এবং গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোটের প্রচার চালাতে প্রার্থীদের আহ্বান জানান।
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা বলেন, দেড় হাজারের বেশি প্রার্থী তাদের দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এনসিপির প্রার্থী তালিকায় ব্যতিক্রম দেখা যাবে।
জৈন্তা বার্তা/আরআর




