বিয়ানীবাজারে আইফোন ছিন*তাইকে কেন্দ্র করে বন্ধুর হাতে যুবক খু*ন
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৩০ PM

বিয়ানীবাজারে আইফোন ছিন*তাইকে কেন্দ্র করে বন্ধুর হাতে যুবক খু*ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১২/২০২৫ ০৭:১৫:১৫ PM

বিয়ানীবাজারে আইফোন ছিন*তাইকে কেন্দ্র করে  বন্ধুর হাতে যুবক খু*ন

ছবি:সংগৃহীত


সিলেটের বিয়ানীবাজারে আইফোন ছিনতাইয়ের ঘটনায় ধামাচাপা দিতে গিয়ে ইমন আহমদ (২২) নামের এক যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। হত্যার পর মরদেহ তিনদিন লুকিয়ে রাখা হয় বলেও দাবি তাদের।

ঘটনাটি ঘটে উপজেলার শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামে। বুধবার সকালে গ্রামের একটি মৎস্য আড়তের পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ইমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইমন কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নিহতের ঘনিষ্ট বন্ধু  ওএকই গ্রামের যুবক আশরাফুল ইসলাম (২৩)-কে আটক করেছে পুলিশ। তিনি খশির নামনগর গ্রামের  আব্দুল করিম মনাইর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ইমন একটি দামী আইফোন ব্যবহার করতেন। সেই ফোনটি নেওয়ার প্রতি দীর্ঘদিন ধরে লোভ ছিল ঘনিষ্ঠ বন্ধু আশরাফুলের। তিন দিন আগে হঠাৎ করে ইমন নিখোঁজ হয়ে যান। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি  করে ব্যর্থ হওয়ায় মঙ্গলবার রাতে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

পুলিশ ডায়রির সূত্র ধরে তদন্ত শুরু করে এবং একপর্যায়ে আশরাফুলের আচরণকে সন্দেহজনক মনে হয়। পরে পালানোর চেষ্টা করার সময় তাকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে ইমনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা-আইফোন ছিনতাই ও সেটি বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। তবে এখনও খোয়া যাওয়া ফোনটি উদ্ধার করা যায়নি।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন,‘মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ অনুসন্ধান চলছে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ