ছবি:নিজস্ব
দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ও সিলেট-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বালাগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
সোমবার (১১ ডিসেম্বর ২০২৫) উপজেলার লতিফা কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।লিখিত বক্তব্যে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেন, সৎ, যোগ্য ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি রাজনীতিতে এসেছেন। জনগণের অধিকার রক্ষা, দুর্নীতি দমন, বিচার বিভাগের স্বাধীনতা এবং প্রশাসনে স্বচ্ছতা প্রতিষ্ঠায় তিনি বদ্ধপরিকর। তিনি বলেন, “দীর্ঘদিনের অবহেলা ও অনিয়মে এই অঞ্চলের মানুষের মৌলিক চাহিদা ব্যাহত হয়েছে। সড়ক, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, নদী-খালসহ সবক্ষেত্রেই নানা সমস্যা বিদ্যমান। এমপি নির্বাচিত হলে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”
উপজেলার চলমান সংকট তুলে ধরে তিনি বলেন—পশ্চিম গৌরীপুর, পূর্ব পৈলনপুর ও বোয়ালজুরসহ বিভিন্ন এলাকায় সড়ক অবকাঠামোর বেহাল অবস্থা;নদী-খাল ভরাট হয়ে জলাবদ্ধতা চরমে;গণপরিবহন সংকট, রাতে চলাচলে ঝুঁকি;পর্যাপ্ত স্বাস্থ্যসেবার অভাব;স্কুল-কলেজে মানসম্মত শিক্ষা বিঘ্নিত;কৃষিপণ্যের ন্যায্যমূল্য ও বাজারব্যবস্থাপনা দুর্বল।
তিনি আরও জানান, বালাগঞ্জ বাজার, বাংলাবাজার, বোয়ালজুর–গোয়ালাবাজার সড়ক এবং বালাগঞ্জ–ফেঞ্চুগঞ্জ রোডসহ গুরুত্বপূর্ণ স্থাপনা আধুনিকায়নে তিনি আলাদা পরিকল্পনা গ্রহণ করবেন।সভায় বক্তারা বলেন, সিলেট-৩ আসনের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে একটি শক্তিশালী বিকল্প নেতৃত্বের প্রয়োজন। ব্যারিস্টার জুনেদের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজনকে তারা ইতিবাচকভাবে মূল্যায়ন করেন।শেষে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেন, “আপনাদের সঙ্গে নিয়ে আমি একটি উন্নত, আধুনিক ও সুশাসিত সিলেট-৩ গড়ার স্বপ্ন দেখি। আপনাদের সহযোগিতা আমার পথচলায় শক্তি যোগাবে।”
এসময় উপস্থিত ছিলেন—বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সিলেটের ডাকের বালাগঞ্জ প্রতিনিধি জিল্লুর রহমান জিলু,প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শাহাব উদ্দিন শাহীন,দৈনিক জালালাবাদ বালাগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমির আলী,কোষাধ্যক্ষ শুয়েবুর রহমান,সদস্য মুহিবুর রহমান, কবির আহমদ, আতাউর রহমান কাওছারসহ অন্যান্য স্থানীয় সাংবাদিকবৃন্দ।
জৈন্তাবার্তা / সুলতানা




