জৈন্তাপুরে ডুপিটিলা-০১ নং কূপ এলাকায় ভূমি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:১৯ PM

জৈন্তাপুরে ডুপিটিলা-০১ নং কূপ এলাকায় ভূমি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৬ ০৬:৫১:৫০ PM

জৈন্তাপুরে ডুপিটিলা-০১ নং কূপ এলাকায় ভূমি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

নিজস্ব


 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং গ্যাস অনুসন্ধান কার্যক্রমকে আরও গতিশীল করতে সিলেটের জৈন্তাপুরে ডুপিটিলা-১ ও কৈলাশটিলা-৯ নং (অনুসন্ধান) কূপ খনন প্রকল্পের আওতায় ডুপিটিলা-০১ নং কূপ এলাকার ভূমি উন্নয়ন কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৭ জানুয়ারি) জৈন্তাপুর উপজেলার নিজপাঠ ইউনিয়নের ডুপিটিলা-১, বারগাতি এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী মোঃ আব্দুল জলিল প্রামানিক।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেন, দেশের জ্বালানি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গ্যাস অনুসন্ধান কার্যক্রমের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার অবকাঠামোগত ও পরিবেশগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডুপিটিলা-০১ নং কূপ এলাকার ভূমি উন্নয়ন কাজ এ ক্ষেত্রে একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।সভাপতির বক্তব্যে এসজিএফএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আব্দুল জলিল প্রামানিক বলেন, ভূমি উন্নয়ন কাজ সম্পন্ন হলে কূপ খনন কার্যক্রম আরও নিরাপদ, পরিকল্পিত ও পরিবেশবান্ধবভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। এর মাধ্যমে জাতীয় গ্যাস উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, এ প্রকল্প বাস্তবায়নের ফলে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, যাতায়াত ব্যবস্থা, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক পরিবেশ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে।পেট্রোবাংলার একটি প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পটি দেশের জ্বালানি অনুসন্ধান ও উৎপাদন কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, নিজপাঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।উল্লেখ্য, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের আওতাধীন ডুপিটিলা-১ প্রকল্পের কূপ খনন কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে চীনের খ্যাতনামা কোম্পানি সিসিডিসি (CCDC) এবং তাদের আঞ্চলিক অংশীদার ফার ওয়েল এন্ড গ্যাস লিমিটেড, যারা এর আগে সিলেট-১০ এক্স প্রকল্প অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে সম্পন্ন করেছে।

জৈন্তাবার্তা/সুলতানা