ছবি:সংগৃহীত
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশ গড়তে মেধাবী ও জ্ঞানভিত্তিক প্রজন্ম তৈরি করতে হবে। যারা সুস্থ ধারার রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক ও বিজ্ঞানী হিসেবে দেশকে এগিয়ে নেবে। একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ রেখে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব, যাতে নতুন প্রজন্ম বাধা-বিপত্তি অতিক্রম করে সুস্থ ও সুশিক্ষিত হয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে পারে।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় কুপারবাজারে আয়োজিত দিনব্যাপী দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।
আরিফুল হক চৌধুরী বলেন, নতুন প্রজন্মকে মেধাশূন্য করতে নানা ষড়যন্ত্র চলছে, যাতে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, অতীতে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতেন। সেই ঐতিহ্য বজায় রেখে তাঁর সুযোগ্য উত্তরসূরি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট থেকেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এটি সিলেটবাসীর জন্য গৌরব ও সম্মানের বিষয়। আর তাই তারেক রহমানকে সম্মান জানাতে সিলেট জনসমুদ্রে পরিণত হবে।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সহ-সভাপতি উসমান গণী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রথম যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমদ, যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহাজান সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, দপ্তর সম্পাদক খায়রুল আমীন, তাঁতী বিষয়ক সম্পাদক এনামুল হক তাহের, রুস্তুমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন সিহাবসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




