ছবি:সংগৃহীত
সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। তাদের প্রতিভা, মেধা ও সাহসিকতা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সিলেটের নারী উদ্যোক্তারা যেভাবে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
তিনি শনিবার নগরীর কুমারপাড়াস্থ একটি অভিজাত কনভেনশন হলে বুম বক্স কমিউনিকেশন্স’র আয়োজনে ‘নারীর কণ্ঠই ভবিষ্যতের শক্তি’ শীর্ষক দিনব্যাপী সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খন্দকার মুক্তাদির বলেন, নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা, ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জ মোকাবিলা, ডিজিটাল মার্কেটিংয়ের সুযোগ সৃষ্টি এবং নারী নেতৃত্বের বিকাশে বিএনপি আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
বুম বক্স কমিউনিকেশন্স’র ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এম জি রব্বানীর সভাপতিত্বে সংলাপে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ এস এম কামরুজ্জামান চৌধুরী রুম্মান, সিইও সৈয়দা শারমিন ফাতেমা এবং উদ্যোক্তা শায়লা শোয়েব শান্তা ও রিফাতারা খান।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি বিলকিস আক্তার সুমি, সাধারণ সম্পাদক মনিকা ইসলাম, দৈনিক ইত্তেফাকের অমিতা সিনহা, চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন সুবর্ণা হামিদ, উদ্যোক্তা তাহিয়া তালবিয়া মিম, শিক্ষক তাহিয়া সিদ্দিকা, এনআরবি ইনভেস্টর পলি ইসলাম, সমাজসেবক মাসুমা চৌধুরী রুমি প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




