মৌলভীবাজারের কুলাউড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে শাড়ি, থ্রিপিস, রুমাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ইতোমধ্যে বাস্তবায়নে কাজ শুরু করেছেন। সরকার গঠনের এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং আগামী মাস থেকে কৃষি কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সবাই এসব সুবিধা পাবেন।
তিনি আরও বলেন, আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন মানুষের কল্যাণে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করে যাবো। সঠিক নেতৃত্বের অভাবে কুলাউড়া এতদিন অবহেলিত ছিল। এখন উন্নয়নের কাজ দৃশ্যমান হবে। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে কুলাউড়ার সামগ্রিক উন্নয়নের জন্য নিজের সেরাটা দিয়ে কাজ করে যাবো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদোয়ান খান ও ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপি নেতা নজরুল ইসলাম খান, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি এস আর অনি চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার ৮৫০ জন উপকারভোগীর মাঝে শাড়ি, থ্রিপিস ও হাজি রুমাল বিতরণ করা হবে। এ ছাড়া ১ হাজার জনকে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা নগদ সহায়তা প্রদান করা হবে।
জৈন্তা বার্তা/আরআর




