ঈদের আনন্দ ভাগাভাগি, মানুষের পাশে এমপি ফয়সল
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:২০ AM

ঈদের আনন্দ ভাগাভাগি, মানুষের পাশে এমপি ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৩/২০২৬ ০৮:৫৫:৩১ PM

ঈদের আনন্দ ভাগাভাগি,   মানুষের পাশে এমপি ফয়সল

সংগৃহিত


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল নিজ নির্বাচনী এলাকায় ব্যস্ততম সময় পার করছেন। ঈদের আনন্দ সর্বস্তরের মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে তিনি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।

ঈদের দিন সকালে এমপি নোয়াপাড়া আল-আরাফাহ ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি ঈদগাহে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ঈদগাহ ময়দান উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। নানা শ্রেণি-পেশার মানুষ এমপির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান এবং এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

ঈদের দ্বিতীয় দিন রোববার এমপি নোয়াপাড়ায় তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিভিন্ন এলাকা থেকে আগত লোকজন এমপির সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় সমস্যার কথাও তুলে ধরেন।

এ সময় এমপি সৈয়দ মোঃ ফয়সল বলেন, বর্তমান সরকারের সময়ে দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারছে, যা একটি ইতিবাচক দিক। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে স্বনির্ভর ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছেন। অল্প সময়ের মধ্যেই সরকারের বিভিন্ন উদ্যোগ জনগণের কাছে প্রশংসিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, ফ্যামিলি কার্ড কার্যক্রম এবং খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগ দেশের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে এমপি বলেন, মাধবপুর ও চুনারুঘাট অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ খাতে এখনো অনেক সমস্যা রয়ে গেছে। তিনি জানান, আগামী সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব সমস্যা জাতীয় সংসদে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়েও তিনি কথা বলেন। তিনি উল্লেখ করেন, ঢাকা–সিলেট মহাসড়ক-এর ছয় লেনের কাজ চলমান থাকলেও এর গতি খুবই ধীর। এতে সিলেট ও হবিগঞ্জের মানুষকে ঢাকার সঙ্গে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তিনি মানসম্মতভাবে দ্রুত কাজ শেষ করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভায় এমপির সঙ্গে আরও উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নিট কম্পোজিটের এমডি সৈয়দ শাফকাত আহমেদ,সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহাজাহান সহ দলীয় নেতৃবৃন্দ।



জৈন্তা বার্তা / ওয়াদুদ