ছবি নিজস্ব
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামে সৌরচালিত সেচ প্রকল্পে আবারও চুরির ঘটনায় চরম দুশ্চিন্তায় পড়েছেন শতাধিক কৃষক। বোরো ধান কাটার মাত্র ২০-২৫ দিন আগে সেচ ব্যবস্থা অচল হয়ে পড়ায় কৃষিতে নেমে এসেছে অনিশ্চয়তা।
মঙ্গলবার সকালে কৃষকরা জমিতে গিয়ে দেখতে পান, সেচ প্রকল্পের মোটর, ব্যাটারি ও সৌর প্যানেলসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ উধাও। দুর্বৃত্তরা প্রকল্প কক্ষের ছাদ ভেঙে ভেতরে ঢুকে এসব সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় স্থাপিত এই প্রকল্পটি এলাকার কৃষকদের প্রধান সেচ ভরসা। প্রায় ৩০-৪০ একর জমিতে এই প্রকল্পের মাধ্যমে সেচ দেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত কৃষক শহিদুল ইসলাম বলেন, কয়েক মাস আগে গঙ্গানগর গ্রামের রুবেল, বাবু মিয়া ও রবিন মিয়া মোটর চুরি করেছিল। পরে ভাঙারির দোকান থেকে মোটর উদ্ধার হলেও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। এখন আবার একই ধরনের ঘটনা ঘটায় আমরা আতঙ্কিত।
সেচ কমিটির সদস্য ফারুক মিয়া বলেন, এখনই সেচ না দিতে পারলে ধান নষ্ট হয়ে যাবে। আমরা জরুরি ভিত্তিতে বিকল্প ব্যবস্থা চাই।
উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার জানান, ঘটনাটি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, একই ধরনের চুরির পুনরাবৃত্তি হওয়া সত্ত্বেও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চোরচক্র সক্রিয় রয়েছে। তারা দ্রুত প্রকল্পটি সচল, নিরাপত্তা জোরদার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
জৈন্তা বার্তা/আরআর




