ফান্দাউক দরবার শরীফ নিয়ে অপপ্রচারের অভিযোগে জিডি
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১০ PM

ফান্দাউক দরবার শরীফ নিয়ে অপপ্রচারের অভিযোগে জিডি

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৪/২০২৬ ০৩:২১:১৯ PM

ফান্দাউক দরবার শরীফ নিয়ে অপপ্রচারের অভিযোগে জিডি


ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে হবিগঞ্জের মাধবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক এম এ কাদের। মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি মাধবপুর থানায় এ জিডি দায়ের করেন।

জিডিতে উল্লেখ করা হয়, শরীয়তসম্মত হক্কানী দরবারসমূহের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফ দীর্ঘদিন ধরে শরীয়ত ও সুন্নাহর আলোকে পরিচালিত একটি সুপ্রতিষ্ঠিত দ্বীনি প্রতিষ্ঠান। দরবারটি ইসলামের আদর্শ প্রচার, আত্মশুদ্ধি, নৈতিক শিক্ষা এবং মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

কিন্তু সম্প্রতি একটি ভুয়া ফেসবুক আইডি থেকে দরবার শরীফ সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। বিশেষ করে দরবার শরীফের বর্তমান গদ্দিনিশিন পীর সাহেব মুফতি সৈয়দ ছালেহ আহমদ মামুন আল-হোসাইনী এবং পীরজাদা মুফতি সৈয়দ মঈনুদ্দীন আহমদ আল-হোসাইনীকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোস্ট করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

জিডিতে আরও বলা হয়, গত ১৯ এপ্রিল বেলা ২টার দিকে “আসসালামু আলাইকুম” নামের একটি ফেসবুক আইডি থেকে অপপ্রচারমূলক পোস্ট করা হয়। পরবর্তীতে ওই আইডির নাম পরিবর্তন করে “কওমি ছাত্র আবরার” করা হয়, যা সন্দেহজনক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ওই আইডি থেকে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা ধর্মীয় সম্প্রীতি নষ্টসহ সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

সাংবাদিক এম এ কাদের জানান, তিনি ফান্দাউক দরবার শরীফের বর্তমান গদ্দিনিশিন পীর সাহেবের নিকট বয়াত গ্রহণকারী একজন মুরিদ হিসেবে বিষয়টির গুরুত্ব বিবেচনায় সাধারণ ডায়েরি করেছেন, যাতে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়।

তিনি সংশ্লিষ্ট ভুয়া ফেসবুক আইডির ব্যবহারকারীকে দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মাধবপুর থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর