সংগৃহিত
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৫টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বর্তমান সরকার প্রতিটি ইউনিয়নে নতুন খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা নিয়েছে, যা নতুন প্রজন্মকে সুস্থ, সচেতন ও মেধাবী হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাকিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
ফাইনাল খেলায় বালিকা বিভাগে আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে টাইব্রেকারে সাডেন ডেথে পরাজিত করে ধর্মঘর ইউনিয়নের সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে বালক বিভাগে আদাঐর ইউনিয়নের মৌজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




