ছবি:সংগৃহীত
শ্রমিকদের জীবনমান উন্নয়নে শিক্ষা, চিকিৎসা ও মৌলিক সুবিধা নিশ্চিতের অঙ্গীকার এমপি সৈয়দ মোঃ ফয়সলের
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, শ্রমিকদের উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে শিক্ষা, চিকিৎসা এবং মৌলিক সুবিধা সম্প্রসারণে তিনি কাজ করে যাবেন।
শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মে দিবস কেবল একটি দিবস নয়; এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাস এবং আত্মত্যাগের গৌরবময় স্মারক। ১৮৮৬ সালে শিকাগোতে দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে শ্রমিক আন্দোলনে যে আত্মত্যাগ ঘটেছিল, তার মধ্য দিয়েই বিশ্বজুড়ে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয়। এই দিবস আমাদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের শিক্ষা দেয়।
নিজের শৈশব-কৈশোরের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, নোয়াপাড়া চা বাগানের পাশে তার বেড়ে ওঠা। চা শ্রমিকদের জীবনসংগ্রাম ও কষ্ট তিনি খুব কাছ থেকে দেখেছেন। শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে বলেও তিনি উল্লেখ করেন।
সৈয়দ মোঃ ফয়সল আরও বলেন, নির্বাচনের সময় চা শ্রমিকদের দেওয়া ভালোবাসা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ। তাদের পাশে থেকে অধিকার প্রতিষ্ঠায় কাজ করাই তার অঙ্গীকার।
তিনি জানান, চা বাগান শ্রমিকরা দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, যোগাযোগ ও ভূমির অধিকারের মতো মৌলিক ক্ষেত্রে বঞ্চিত। এসব সমস্যা তিনি জাতীয় সংসদে তুলে ধরেছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবেন বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানে সায়হাম নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ বলেন, নির্বাচনের সময় ২৮টি চা বাগান পরিদর্শন করে শ্রমিকদের সমস্যাগুলো তিনি প্রত্যক্ষ করেছেন। পানির সংকট, শিক্ষা-স্বাস্থ্যসেবা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চা বাগান দেশের অর্থনীতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। শ্রমিকদের জীবনমান উন্নত হলে দেশের সামগ্রিক অগ্রগতিও ত্বরান্বিত হবে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, শ্রমিক নেতা খাইরুন আক্তার, লালন পাহানসহ অনেকে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




