সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফাতিমা-তুজ-জাহরা হলে এক শিক্ষার্থীর বিরুদ্ধে শারীরিক ও মৌখিক হেনস্তার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর আবাসিক হলের আসন বাতিল করা হয়েছে।
সোমবার (৪ মে) সন্ধ্যায় হল প্রভোস্ট অধ্যাপক ড. ইসমত আরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
অভিযুক্ত রাজিয়া পারভীন সমাজকর্ম বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি হলের ১০৭ নম্বর কক্ষে থাকতেন। একই হলের ১০৪ নম্বর কক্ষের শিক্ষার্থী নোশিন তাবাসসুম নিহা তাঁর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে প্রভোস্টদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর আসন বাতিল করা হয়।
হল সূত্র জানায়, রাজিয়া পারভীনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অন্য শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ ছিল। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবিতে ৮০ জন শিক্ষার্থী স্বাক্ষরিত একটি আবেদন হল কর্তৃপক্ষের কাছে জমা দেন। পরে ৪ মে হল প্রশাসন শিক্ষার্থীদের নিয়ে একটি সভা করে। সভায় উভয় পক্ষের বক্তব্য শোনার পাশাপাশি প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই করে কর্তৃপক্ষ রাজিয়া পারভীনের আসন বাতিলের সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে হল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে পক্ষ, বিপক্ষ ও নিরপেক্ষ সবার বক্তব্য বিবেচনা করে এবং প্রমাণের ভিত্তিতেই অভিযুক্ত শিক্ষার্থীর আবাসিক আসন বাতিল করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




