সংগৃহীত
লক্ষ্মীপুরের রায়পুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ নয়নকে আটক করেছে পুলিশ। পরে তাকে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়।আজ মঙ্গলবার দুপুরে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।অভিযোগ উঠেছে, নয়নের বড় ভাই মঞ্জু মোল্লাকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। ওই ঘটনায় থানায় মামলা করতে গেলে নয়নকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, গ্রেপ্তারকৃত নয়ন উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ মোল্লার ছেলে। এর আগে গতকাল সোমবার রাতে রায়পুর উপজেলা শহর থেকে তাকে আটক করে পুলিশ। এরপর মঙ্গলবার দুপুরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে থানা পুলিশ।
এ ব্যাপারে জানতে নয়নের ভাই জাকির হোসেন মোল্লাকে মোবাইলফোনে কল দিলেও তিনি কোনো কিছু বলতে রাজি হননি।তবে নয়নের ভগ্নিপতি নুর মোহাম্মদ বলেন, ‘নয়ন রাতে থানায় গেলে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। আগে মামলা থাকলেও তিনি জামিনে ছিলেন। কি জন্য গ্রেপ্তার হয়েছেন তিনি, তা আমাদের জানা নেই।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘সন্ত্রাসবিরোধী মামলায় নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে থানা এলাকার বাইরে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি থানায় কোনো মামলা করতে আসেননি।’
জৈন্তাবার্তা/সুলতানা




