এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:১৪ PM

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৫/২০২৬ ০৭:৫৫:৪২ PM

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

সংগৃহিত


আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ডিসিরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে চেয়েছেন এবং নানা পরামর্শ দিয়েছেন। এসব পরামর্শ গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের অন্যতম ভিত্তি এবং তৃণমূল পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ ব্যবস্থাকে শক্তিশালী করা গেলে দেশের গণতান্ত্রিক কাঠামো আরও সুদৃঢ় হবে।

সরকারি কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের স্থানীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে, কারণ জনগণই দেশের প্রকৃত মালিক।

মন্ত্রী বলেন, গত কয়েক বছরে স্থানীয় সরকার খাত বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এ খাতে দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করে দেখা হবে এবং ভবিষ্যতে অনিয়ম রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই লক্ষ্যেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ