হবিগঞ্জ-৪ আসনের দুই উপজেলা মাধবপুর ও চুনারুঘাটের সাংবাদিক সমাজকে নিয়ে আলোচিত ইসলামি বক্তা মুফতী গিয়াস উদ্দিন তাহেরীর দেওয়া ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা।
বুধবার (৬ মে) রাতে তাহেরীর ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া ওই পোস্টকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
পোস্টে তাহেরী লেখেন, হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাটের সাংবাদিক ভাইয়েরা কি রাজনৈতিক আধিপত্যবাদীদের রোষানলে পরাধীন? এছাড়াও তিনি উল্লেখ করেন, প্রকৃত সাংবাদিক ভাইদের কলমের কালি অর্থের চেয়েও দামি এবং সালামের পর কালাম হবে।
এমন বক্তব্যকে সাংবাদিক সমাজের প্রতি অসম্মানজনক ও বিভ্রান্তিকর উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহাম্মেদ বলেন, সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। মাধবপুর-চুনারুঘাটের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছেন। কোনো প্রকার রাজনৈতিক চাপ বা আধিপত্যের কাছে সাংবাদিক সমাজ মাথা নত করেনি এবং ভবিষ্যতেও করবে না। আমরা উক্ত মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যৎ সাংবাদিকদের পেশাকে প্রশ্নবৃদ্ধ না করার অনুরোধ করছি।
মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, সাংবাদিকদের নিয়ে এমন প্রশ্ন তোলার আগে বাস্তবতা যাচাই করা উচিত ছিল। স্থানীয় সাংবাদিকরা জনগণের পক্ষে কাজ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য সাংবাদিক সমাজকে হেয় প্রতিপন্ন করার শামিল। আমরা এমন মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছি।
মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কাদের বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সম্মানহানি হয়— এমন বক্তব্য অনাকাঙ্ক্ষিত। সাংবাদিকদের কাজ নিয়ে প্রশ্ন তোলার আগে তাদের ত্যাগ ও দায়িত্ববোধের বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন ছিল। আমরা তার এমন মন্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু বলেন, চুনারুঘাট ও মাধবপুরের সাংবাদিকরা সবসময় জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। সাংবাদিক সমাজকে বিতর্কিতভাবে উপস্থাপন করা দুঃখজনক। গঠনমূলক সমালোচনা গ্রহণযোগ্য হলেও অসম্মানজনক মন্তব্য কাম্য নয়। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।
তাহেরীর ওই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। স্থানীয় সাংবাদিকদের অনেকেই পোস্টটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
জৈন্তা বার্তা/আরআর




