ছবি:সংগৃহীত
এসএমই উদ্যোক্তাদের কর ও ভ্যাট বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১১টায় দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স হলে এ কর্মশালার আয়োজন করা হয়।
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় আয়োজিত কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সিলেট চেম্বারের নির্বাহী সচিব মো. গোলাম আক্তার ফারুক।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলো এসএমই খাত। অর্থনৈতিক শুমারি-২০২৪ অনুযায়ী দেশের মোট অর্থনৈতিক ইউনিটের প্রায় ৯৫ শতাংশই এ খাতের অন্তর্ভুক্ত। কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় শিল্পের বিকাশ, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতীয় অর্থনীতিতে প্রায় ৩০ শতাংশ জিডিপিতে অবদান রেখে এ খাত দেশের টেকসই উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করছে।
তিনি আরও বলেন, শিল্পনীতি-২০২২, এসএমই নীতি-২০২৬ এবং এসডিজি-২০৩০ এর লক্ষ্য অর্জনে এসএমই খাতকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তোলা জরুরি। এ জন্য উদ্যোক্তাদের কর ও মূসক সংক্রান্ত আইন-কানুন সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। কর্মশালার আয়োজনের জন্য তিনি এসএমই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
কর্মশালায় বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক নাজমুল আহসান। তিনি বলেন, দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উদ্যোক্তাদের জন্য বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি ট্যাক্স-ভ্যাট বিষয়ে সচেতনতামূলক কর্মশালাও আয়োজন করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের কর্মশালা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আয়কর বিষয়ে উপস্থাপনা করেন কর অঞ্চল-সিলেটের যুগ্ম কর কমিশনার (পরিদর্শী রেঞ্জ-৩) সৌমিত্র কুমার ভৌমিক। এছাড়া ভ্যাট বিষয়ে উপস্থাপনা করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের সহকারী কমিশনার প্রকাশ দে। তারা আয়কর ও ভ্যাট প্রদানের নিয়ম-কানুন, প্রয়োজনীয়তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের উপ-নির্বাহী সচিব সানু উদ্দিন রুবেল, আজিজুর রহিম খান মিজান, চেম্বারের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন এসএমই উদ্যোক্তা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




