ছবি:সংগৃহীত
সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৩৬ লাখ ২৪ হাজার ৭০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা, চিনি, গরু ও পান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বুধবার (১৩ মে) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বাধীন কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এসময় মেইন পিলার ১৩১৫ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কানাইঘাট এলাকায় মালিকবিহীন অবস্থায় ৬৬৩ কেজি ভারতীয় জিরা এবং একটি বাংলাদেশি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সিজার মূল্য ২৩ লাখ ৯৫ হাজার ৬০০ টাকা।
এছাড়া ১২ ও ১৩ মে পৃথক গোপন সংবাদের ভিত্তিতে লোভাছড়া বিওপি, গুয়াবাড়ি বিওপি এবং সুরাইঘাট বিওপির টহল দল সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৬৮০ কেজি ভারতীয় চিনি, ৩টি গরু এবং ১০৫ বিরা পান জব্দ করে। এসব মালামালের সিজার মূল্য ১২ লাখ ২৯ হাজার ১০০ টাকা।
সব মিলিয়ে অভিযানে জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৩৬ লাখ ২৪ হাজার ৭০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




