সংগৃহিত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধি দল। রোববার (১৭ মে) অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে বাংলাদেশ থেকে দক্ষ চালক নিয়োগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
সাক্ষাৎকালে মন্ত্রী প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশি কর্মীরা তাদের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে বিদেশে দেশের সুনাম বৃদ্ধি করছেন। তিনি ভবিষ্যতেও দুবাইয়ে বাংলাদেশি কর্মী নিয়োগের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে পুরো নিয়োগ প্রক্রিয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মন্ত্রী আরও অনুরোধ জানান, দুবাইয়ে গিয়ে প্রশিক্ষণকালীন সময়েও যেন কর্মীদের বেতন-ভাতার ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি শুধু চালক নয়, বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ বিভিন্ন পেশাজীবী বা ‘হোয়াইট কলার’ কর্মী নিয়োগের ক্ষেত্রেও আগ্রহ দেখানোর আহ্বান জানান তিনি।
দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। তারা বলেন, বাংলাদেশি কর্মীরা অত্যন্ত পরিশ্রমী হওয়ায় তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয়। এমনকি দুবাই বিমানবন্দরেও বাংলাদেশি নারীরা সফলভাবে ড্রাইভিং পেশায় কাজ করছেন।
প্রতিনিধি দল আরও জানায়, সোমবার থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারভিউয়ের মাধ্যমে নতুন চালক বাছাই কার্যক্রম শুরু হবে। এবারের নিয়োগে আরও ১ হাজার ৫০০ ড্রাইভার নেওয়া হবে এবং চলতি বছরে মোট ৬ হাজার বাংলাদেশি ড্রাইভার নিয়োগে তারা আগ্রহী।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বলেন, দুবাই যেতে একজন বাংলাদেশি চালকের বিপুল অর্থ ব্যয় হয়, যা অধিকাংশ ক্ষেত্রেই ঋণ নিয়ে জোগাড় করতে হয়। তাই অভিবাসন ব্যয় কমিয়ে ১ লাখ টাকার মধ্যে রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি বিশেষ আহ্বান জানান।
এ সময় সংযুক্ত আরব আমিরাতে কর্মী পাঠানোর অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা জানান, চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক নিয়োগের ব্যাপারেও তাদের আগ্রহ রয়েছে।
সৌজন্য সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদসহ দুবাই ট্যাক্সি কোম্পানির ঊর্ধ্বতন প্রতিনিধি ও মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা /ওয়াদুদ




