সংগৃহিত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) রাত ২টার দিকে সীমান্ত সংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং একই উপজেলার মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে ওই দুই ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যান। সেখানে তারা কলকাতার হাওড়া হয়ে তামিলনাড়ু রাজ্যে রাজমিস্ত্রির কাজ করতেন। বুধবার রাতে তারা বসন্তপুর সীমান্ত সংলগ্ন বাশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে ফেরার চেষ্টা করেন।
এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মহিউদ্দিন ও শাহীন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত সোয়া ৩টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করেন।
কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, আহত দুই ব্যক্তি অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং দেশে ফেরার সময় বিএসএফের গুলিতে আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের অবস্থা গুরুতর বলে তিনি জানান।
জৈন্তাবার্তা/সুলতানা




