ছবি:সংগৃহীত
তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় জেলা ক্রীড়া অফিস, সিলেটের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় বুধবার (৩ জুন) এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. নূর হোসেন বলেন, ক্রীড়া পরিদপ্তরের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা। তিনি বলেন, মাসব্যাপী এই প্রশিক্ষণ ক্যাম্পে অভিজ্ঞ কোচরা অংশগ্রহণকারী খেলোয়াড়দের কারিগরি দক্ষতা, শারীরিক সক্ষমতা এবং শৃঙ্খলা উন্নয়নে কাজ করবেন।
তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, এই সুযোগকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে। কোচদের নির্দেশনা অনুসরণ করে নিষ্ঠা ও মনোযোগের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখার সুযোগ সৃষ্টি হবে। আগামী দিনে দেশের জার্সি গায়ে মাঠে সাফল্য অর্জনের মধ্য দিয়ে সিলেটের সুনাম উজ্জ্বল করার আহ্বানও জানান তিনি।
সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু, বিভাগীয় ফুটবল কোচ ও ‘গোল্ডেন বয়’ খ্যাত সাবেক ফুটবলার সাহাজ উদ্দিন টিপু, সাবেক খেলোয়াড় ও ফুটবল কোচ মহসিন আলী, ফুটবল কোচ কামরুল ইসলাম, হাবিবুর রহমান রিপন, খালেদ আহমদসহ ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক এবং অংশগ্রহণকারী খেলোয়াড়রা।
মাসব্যাপী এই প্রশিক্ষণ ক্যাম্পে সিলেট জেলার বিভিন্ন এলাকার অনূর্ধ্ব-১৫ বয়সী ফুটবলার ও অ্যাথলেটরা অংশগ্রহণ করবে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির প্রধান লক্ষ্য।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




