ছবি:সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১৭ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
বুধবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের বালিপাড়া এলাকার একটি টিনশেড ঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৭৫ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ২ হাজার ২৫০ কেজি জিরা পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, জব্দকৃত জিরার প্রতি কেজির বাজারমূল্য প্রায় ৭৫০ টাকা। সে হিসাবে উদ্ধার করা জিরার মোট মূল্য প্রায় ১৬ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে দেশে আনা এসব ভারতীয় জিরা গোপনে মজুদ করে রাখা হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, এ ঘটনায় পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




