সংগৃহিত
গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল কলেজ গেট এলাকায় বয়লার বিস্ফোরণে ইকো টেক নামের একটি টায়ার থেকে তেল উৎপাদন কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শনিবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূবাইল কলেজ গেট এলাকার ইকো টেক নামের একটি টায়ার থেকে তেল ও মবিল তৈরির কারখানা রয়েছে। দুপুরে ওই কারখানায় হঠাৎ বয়লার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে পুড়ে যায় মবিল তৈরির মালামাল ও মেশিনপত্র।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, ‘বয়লার বিস্ফোরণে পূবাইলে কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।’
জৈন্তাবার্তা/সুলতানা




