গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘ*র্ষে নি*হত ১, আহ*ত ৩
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৬ PM

গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘ*র্ষে নি*হত ১, আহ*ত ৩

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২/০৬/২০২৬ ০৭:৪৬:৪১ PM

গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘ*র্ষে নি*হত ১, আহ*ত ৩

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা ইউনিয়নে পূর্ব বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কামরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত কামরুল ইসলাম লেঙ্গুরা গ্রামের কুতুব আলীর ছেলে। সোমবার (২২ জুন) দুপুরে লেঙ্গুরা নদীর পাড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধ ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কামরুল ইসলাম এবং সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেনের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে সোমবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সংঘর্ষের একপর্যায়ে কামরুল ইসলাম সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেনের মেয়ে রুকসানা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে বিল্লাল হোসেনের পক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে কামরুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় কামরুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত বিল্লাল হোসেন, তার মেয়ে রুকসানা আক্তার ও জুনেদ আহমদ পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ