ছবি:সংগৃহীত
সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতি এবং সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যৌথ মতবিনিময় সভায় সম্প্রতি গঠিত সিলেট জেলা সড়ক পরিবহন সমন্বয় কমিটিকে অবৈধ দাবি করে তা প্রত্যাখ্যান করা হয়েছে। একই সঙ্গে শাহপরাণ সেতুতে অবৈধ টোল আদায় বন্ধ এবং সিলেটের পরিবহন খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে নগরীর দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ইয়াসিন প্লাজায় সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মালিক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ সোহেল।
সভায় বক্তারা অভিযোগ করেন, পরিবহন সংশ্লিষ্ট সব মালিক-শ্রমিক সংগঠনের সঙ্গে কোনো ধরনের সমন্বয় বা আলোচনা ছাড়াই একটি স্বার্থান্বেষী মহল সিলেট জেলা সড়ক পরিবহন সমন্বয় কমিটি গঠন করেছে। এ কারণে কমিটিকে অবৈধ উল্লেখ করে সর্বসম্মতিক্রমে তা প্রত্যাখ্যান করা হয়।
বক্তারা আরও বলেন, একটি কুচক্রী মহল সিলেটের পরিবহন খাতকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এসব ষড়যন্ত্র ও মালিক-শ্রমিকদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানানো হয়।
সভায় শাহপরাণ সেতুতে অবৈধভাবে টোল আদায় বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করা হয়। পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সড়কে নিরাপত্তা নিশ্চিত, পরিবহন ব্যবস্থাপনা উন্নয়ন এবং সিলেটের পরিবহন খাতকে আরও গতিশীল করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মালিক সমিতির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের সঞ্চালনায় সভায় মালিক সমিতির কার্যকরী সভাপতি আক্তার রশিদ চৌধুরী, সহসভাপতি আব্দুল মুকিত, সাদিকুর রহমান সাদিক, জুবায়ের চৌধুরী সুমন, ফয়জুল ইসলাম ও মুহিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান, সহসাধারণ সম্পাদক আব্দুল মুকিত মুকুল, সেবলু মিয়া, আব্দুর রাকিব, মাহবুবুর আলম, সাংগঠনিক সম্পাদক এম. এ. সত্তার মামুন, অর্থ সম্পাদক হাজী শায়েস্তা মিয়া তালুকদার, দপ্তর সম্পাদক মাহতাবুর রহমান, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আরিফ আহমদ চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক আজির উদ্দিনসহ মালিক নেতারা বক্তব্য দেন।
শ্রমিক ইউনিয়নের পক্ষে বক্তব্য দেন সভাপতি আবু সরকার, সহসভাপতি শরিফ আহমদ, যুগ্ম সম্পাদক আহমদ আলী স্বপন, সহসম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ জুলাহাস আহমদ বাদল, সুনামগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়জুল ইসলাম, সহসভাপতি আমির মিয়া ও সাংগঠনিক সম্পাদক আব্দুল জাহান।
এ ছাড়া সভায় সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, সাবেক কার্যকরী সভাপতি রুনু মিয়া, মালিক সমিতির সহসভাপতি আব্দুল হাকিম, নির্বাহী সদস্য মনিরুল ইসলাম, কামাল হোসেন, ইলিয়াস আহমদ, সোহেল আলম, শাহপরাণ শাখা কমিটির সম্পাদক মো. বাবলাসহ মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মালিক সমিতির অর্থ সম্পাদক হাজী শায়েস্তা মিয়া তালুকদার।
সভায় সর্বসম্মতিক্রমে সাদিকুর রহমান সাদিককে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির সহসভাপতি হিসেবে মনোনীত করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




