শ্রীমঙ্গলে দোকান থেকে উদ্ধার হওয়া দাঁড়াশ সাপ বন বিভাগের কাছে হস্তান্তর
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:০৪ AM

শ্রীমঙ্গলে দোকান থেকে উদ্ধার হওয়া দাঁড়াশ সাপ বন বিভাগের কাছে হস্তান্তর

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৭/২০২৬ ১১:৪৯:৫৮ PM

শ্রীমঙ্গলে  দোকান থেকে উদ্ধার হওয়া দাঁড়াশ সাপ বন বিভাগের কাছে হস্তান্তর

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি দোকানে হঠাৎ সাপ দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই বাজারজুড়ে উৎসুক মানুষের ভিড় জমে যায়। একপর্যায়ে কয়েকজন সাপটিকে মেরে ফেলার উদ্যোগ নিলেও স্থানীয়দের সচেতনতা ও দ্রুত পদক্ষেপে প্রাণে বেঁচে যায় সেটি।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার সিন্দুরখাঁন বাজারে ব্যবসায়ী জসিম মিয়ার দোকানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের ভেতরে একটি সাপ দেখতে পেয়ে জসিম মিয়া আতঙ্কিত হয়ে পড়েন। খবর ছড়িয়ে পড়লে বাজারের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। এ সময় কয়েকজন সাপটিকে হত্যা করতে চাইলে স্থানীয় গণমাধ্যমকর্মী মোহাম্মদ আলামিন সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান এবং সাপটি না মারার আহ্বান জানান। পরে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, শ্রীমঙ্গলকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে দোকানের ভেতর থেকে সাপটি উদ্ধার করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার হওয়া সাপটি একটি নির্বিষ দাঁড়াশ । এটি মানুষের জন্য কোনো হুমকি নয়; বরং কৃষকের বন্ধু হিসেবে পরিচিত। দাঁড়াশ সাপ ইঁদুরসহ ফসলের ক্ষতিকর বিভিন্ন প্রাণী খেয়ে কৃষিজমি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, লোকালয়ে সাপ বা অন্য কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা না করে দ্রুত বন বিভাগ বা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করা উচিত। সচেতনতা বাড়লে মানুষ যেমন নিরাপদ থাকবে, তেমনি রক্ষা পাবে দেশের গুরুত্বপূর্ণ বন্যপ্রাণীও।

উদ্ধার শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দাঁড়াশ সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: