ইঞ্জিনিয়ারিং কলেজকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৪৩ PM

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক

ইঞ্জিনিয়ারিং কলেজকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৬ ০৮:১৮:১৬ PM

ইঞ্জিনিয়ারিং কলেজকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে অচিরেই একটি পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় এ লক্ষ্য বাস্তবায়ন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (১১ জুলাই) সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের উন্নয়নের অন্যতম রূপকার, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তাঁর পরিকল্পনা ছিল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে একটি পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা। সময়ের সীমাবদ্ধতার কারণে তিনি সেই স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। এখন তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরও এ বিষয়ে অত্যন্ত আন্তরিক। সরকারের সহযোগিতা এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় কলেজটিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা সম্ভব হবে।

সিসিক প্রশাসক বলেন, একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মানসম্মত শিক্ষা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন উন্নত অবকাঠামো ও যোগাযোগব্যবস্থা। কলেজে যাতায়াতের সড়ক দ্রুত নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং স্কুল অব অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মো. মাসতাবুর রহমান।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ