নগরজুড়ে আধুনিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪৭ PM

পুনাকের উদ্যোগে ১৫ অ*সহায় ব্যক্তির মধ্যে রিকশা বিতরণ

নগরজুড়ে আধুনিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৬ ১১:৪১:০১ PM

নগরজুড়ে আধুনিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় নগরীর গুরুত্বপূর্ণ স্থানে উন্নতমানের স্মার্ট ক্যামেরা স্থাপন করা হবে, যা অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ এবং দ্রুত শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে।

শনিবার (১১ জুলাই) সিলেট পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর স্বাবলম্বী কর্মসূচির আওতায় অসহায় মানুষের মধ্যে প্যাডেলচালিত রিকশা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, বর্তমানে নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত অনেক সিসিটিভি ক্যামেরা অকার্যকর হয়ে পড়েছে। আবার যেগুলো সচল রয়েছে, সেগুলোর প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে অনেক ক্ষেত্রে কার্যকর নজরদারি ও অপরাধী শনাক্তে সমস্যা দেখা দেয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর নজরদারি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, নতুন ব্যবস্থা চালু হলে বিশেষ ক্যামেরার মাধ্যমে অপরাধীদের অবস্থান, চলাচল ও সন্দেহজনক কর্মকাণ্ড স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণকক্ষে পৌঁছে যাবে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপরাধ দমন ও নিয়ন্ত্রণ কার্যক্রম আরও কার্যকর হবে। প্রকল্পটি বাস্তবায়নের পর এর পরিচালনার দায়িত্ব সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী সাম্প্রতিক সময়ে সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে সিলেট মহানগর পুলিশের ভূমিকার প্রশংসা করে বলেন, নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন ও পুলিশ সমন্বিতভাবে কাজ করবে।

পুনাকের সভাপতি সিদরাতুল মুনতাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির সভাপতি ইমদাদ হোসেন চৌধুরী। এছাড়া বক্তব্য দেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মু. মাসুদ রানা।

পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে জীবিকার সংকটে পড়া প্রকৃত অসহায় রিকশাচালকদের পুনর্বাসনের লক্ষ্যে পুনাক তাদের মধ্যে প্যাডেলচালিত রিকশা বিতরণের উদ্যোগ নিয়েছে।

সভাপতির বক্তব্যে পুনাকের সভাপতি সিদরাতুল মুনতাহা বলেন, পুনাক দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার ১৫ জন অসহায় ব্যক্তির হাতে প্যাডেলচালিত রিকশা তুলে দেওয়া হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তিনি বিত্তবান ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা উপকারভোগীদের হাতে প্যাডেলচালিত রিকশার চাবি তুলে দেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ