দাবি না মানলে ১০ আগস্ট চৌহাট্টায় গণ*সমাবেশের ঘোষণা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৪১ AM

সিমের মেয়াদ ও প্যাকেজের মূল্যবৃদ্ধির প্র*তিবাদে সিলেটে মশাল মিছিল

দাবি না মানলে ১০ আগস্ট চৌহাট্টায় গণ*সমাবেশের ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৬ ১১:৪৯:০৪ PM

দাবি না মানলে ১০ আগস্ট চৌহাট্টায় গণ*সমাবেশের ঘোষণা

ছবি:সংগৃহীত


সিমের মেয়াদের অজুহাতে অব্যবহৃত ব্যালেন্স, ইন্টারনেট ডাটা ও মিনিট বাতিল এবং প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দাবি আদায় না হলে আগামী ১০ আগস্ট সিলেট মহানগরের চৌহাট্টা পয়েন্টের বিজয় চত্বরে গণজমায়েত ও গণসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় বৃহত্তর সিলেটের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রচণ্ড বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় থেকে জিন্দাবাজার, ঐতিহাসিক কোর্ট পয়েন্ট হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হয়। পরে সেখানে সমাবেশে বক্তারা সিম কোম্পানিগুলোর বিভিন্ন নীতির সমালোচনা করেন।

বক্তারা বলেন, মেয়াদের অজুহাতে গ্রাহকদের কেনা অব্যবহৃত ব্যালেন্স, ইন্টারনেট ডাটা, মিনিট ও এসএমএস বাতিল করা ভোক্তা অধিকারের পরিপন্থী। তারা প্রশ্ন তোলেন, কোটি কোটি গ্রাহকের অর্থে কেনা সেবার মেয়াদ নির্ধারণ করে তা বাতিল করার অধিকার মোবাইল অপারেটরগুলো কোথায় পেয়েছে।

তারা আরও বলেন, সিমের মেয়াদের অজুহাত বন্ধ করে মেয়াদবিহীন সেবা চালু এবং প্যাকেজের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার না করা হলে সারা দেশের গ্রাহকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এর অংশ হিসেবে আগামী ১০ আগস্ট, সোমবার বিকেল ২টায় সিলেট মহানগরের চৌহাট্টা পয়েন্টের বিজয় চত্বরে গণজমায়েত ও গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

মশাল মিছিলের আগে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় হিজড়া ও ভিক্ষুকদের চাঁদাবাজি, জনসম্মুখে মাদক সেবন এবং নগরীর বিভিন্ন স্থানে অবৈধ যানবাহন পার্কিং নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় আগামী ১৪ জুলাই সমাজকল্যাণ মন্ত্রীর কাছে (জেলা প্রশাসকের মাধ্যমে) এবং সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের কাছে হিজড়া ও ভিক্ষুকদের চাঁদাবাজি বন্ধের দাবিতে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিবিযুকসের বিভাগীয় সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর সঞ্চালনায় সভা ও সমাবেশে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক নেতারা বক্তব্য দেন।

আয়োজকদের দাবি, বৈরী আবহাওয়া সত্ত্বেও প্রায় শতাধিক নাগরিক মশাল মিছিল ও সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ