ফেঞ্চুগঞ্জে নির্মাণাধীন ভবনে মিলল আগ্নে'য়া'স্ত্র
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৮ PM

ফেঞ্চুগঞ্জে নির্মাণাধীন ভবনে মিলল আগ্নে'য়া'স্ত্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/০৭/২০২৬ ০২:৩৯:০৮ PM

ফেঞ্চুগঞ্জে নির্মাণাধীন ভবনে মিলল আগ্নে'য়া'স্ত্র


সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে একটি পরিত্যক্ত ওয়ান শ্যুটার গান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

শনিবার (১১ জুলাই) রাতে ফেঞ্চুগঞ্জ থানাধীন সার কারখানা নতুন বাজারে নির্মাণাধীন একটি ভবনের দেয়ালের উপরে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, সদর কোম্পানি সিলেটের একটি আভিযানিক দল ফেঞ্চুগঞ্জ থানাধীন নয়া বাজারে অবস্থানকালে গোপন সংবাদ পায় যে সার কারখানা সংলগ্ন নতুন বাজারের একটি নির্মাণাধীন ভবনের পাশে দেশীয় অস্ত্র মজুদ করা থাকতে পারে। সংবাদের সত্যতা যাচাইয়ে রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে র‍্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন। একপর্যায়ে একটি নির্মাণাধীন ভবনের দেয়ালের ওপর রাখা শপিং ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়।


অভিযান চলাকালে উক্ত অস্ত্রের সাথে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে অস্ত্রটির উৎস এবং মালিকানা নিশ্চিত করতে র‍্যাব-৯ এর বিশেষ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত আলামতটি সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেঞ্চুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে র‍্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক তৎপরতা চালাচ্ছে। এ পর্যন্ত ৪৯টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গ্রেনেড, ককটেল, বিস্ফোরক ও ১০৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে আভিযানিক দলটি। জনমনে স্বস্তি ফেরাতে র‍্যাবের এই গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর