বন্যাকবলিত হাকালুকি হাওরপাড়ের জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের পানিবন্দি মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার)।
মঙ্গলবার (১৪ জুলাই) দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে ৫১৩ জন নারী, পুরুষ, শিশু ও বয়স্ককে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং রান্না করা দুপুরের খাবার দেওয়া হয়।
বিজিবির উদ্যোগে বেলাগাঁও রাবার ড্যাম সেতুর ওপর আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত দল রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসাসেবা নিতে আসা প্রত্যেক ব্যক্তির জন্য রান্না করা দুপুরের খাবারেরও ব্যবস্থা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, চলমান বন্যায় হাকালুকি হাওড়পাড়ের বেলাগাঁও গ্রামের প্রায় তিন হাজার মানুষ টানা ২০ দিন ধরে পানিবন্দি রয়েছেন। দীর্ঘদিন জলাবদ্ধতায় থাকায় শিশু, নারী ও বয়স্কদের মধ্যে ডায়রিয়া, জ্বর, চর্মরোগসহ পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে। দুর্গত মানুষের দোরগোড়ায় জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পটি সার্বক্ষণিক তদারকি করেন ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান এবং সহকারী পরিচালক মাহফুজুল আলম।
লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ৫২ বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ করছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি উদ্ধার কার্যক্রম, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। বন্যার পানি সম্পূর্ণ নেমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন পানিবন্দি থাকায় চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছিল। বিজিবির এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। পাশাপাশি রান্না করা খাবার বিতরণও বন্যাদুর্গত মানুষের জন্য তাৎক্ষণিক স্বস্তি এনে দিয়েছে।
স্থানীয়দের মতে, দুর্যোগের এই সময়ে সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়ে ৫২ বিজিবি মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
জৈন্তাবার্তা/আরআর




