সংগৃহীত
স্বামী মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায় সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।আজ বুধবার স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুতে দীপু মনির আবেদনের প্রেক্ষিতে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক তার প্যারোলে মুক্তি মঞ্জুর করেন।একইদিন দুপুরে তার পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলী নেওয়াজ কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর দীপু মনির সঙ্গে আলোচনা ও পরামর্শ করে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করেন তার আইনজীবী। এ সময় দীপু মনির পরিবারের তিনজন সদস্য ও তার আইনজীবী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
জৈন্তাবার্তা/ সুলতানা




