১৯৯১ সালের পর আবারও সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট)। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য এ ভোট যুদ্ধে মুখোমুখি হচ্ছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
দুই প্রার্থীর কেউই নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার না করায় এবার রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট গ্রহণের প্রয়োজন হচ্ছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা হবে। গণনা শেষে নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করবেন। পরে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হবে।
জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা ৩৫০। এর মধ্যে চট্টগ্রাম-৪ আসনে সংসদ সদস্যপদ বাতিল হওয়ায় এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে। বিএনপি-২৪৭ জন, জামায়াতে ইসলামী-৭৭ জন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-৮ জন, স্বতন্ত্র-৮ জন, বাংলাদেশ খেলাফত মজলিস-৩ জন, অন্যান্য ছোট দল মিলিয়ে-৬ জন; সব মিলিয়ে ভোটার ৩৪৯ জন।
সংসদে সংখ্যার দিক থেকে বিএনপি অনেক এগিয়ে। দলটির ২৪৭ জন সংসদ সদস্য রয়েছেন। বিপরীতে জামায়াতের ৭৭ জন সংসদ সদস্যের সঙ্গে এনসিপি ও অন্যান্য শরিক দলের সদস্যরা অলি আহমদের পক্ষে রয়েছেন।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য রাষ্ট্রপতি পদে অলি আহমদকে প্রার্থী করেছে। ফলে সংসদীয় সংখ্যার হিসাবে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকটাই এগিয়ে। তবে যেহেতু দুই প্রার্থী মাঠে রয়েছেন, তাই আইন অনুযায়ী ভোটগ্রহণ ও ভোট গণনা করেই আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করতে হবে।
জৈন্তাবার্তা/আরআর




