সিলেটের জৈন্তাপুরে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৪০০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— জৈন্তাপুরের নিজপাট মাহুতহাটি এলাকার ফয়জুর রহমানের ছেলে আমিনুল ইসলাম রাজু (২৭) এবং মুক্তাপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে জাকির হোসেন (৫২)।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মুক্তাপুর এলাকার জাকির হোসেনের বসতবাড়িতে মাদক কেনাবেচা চলছে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুই ব্যক্তিকে আটক করা হয়।
এ সময় আমিনুল ইসলাম রাজুর পরিহিত প্যান্টের সামনের পকেট থেকে ৩৯ পিস ইয়াবা এবং পেছনের পকেট থেকে মাদক বিক্রির নগদ ৪ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। জাকির হোসেনের লুঙ্গির ডান কোচ থেকে উদ্ধার করা হয় আরও ১৭ পিস ইয়াবা। সব মিলিয়ে তাদের কাছ থেকে ৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার মোট ওজন ৫ দশমিক ৬ গ্রাম। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার ৮০০ টাকা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ইয়াবা সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে বিক্রি করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় জৈন্তাপুর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে ৫৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তাবার্তা/আরআর




