ছবি নিজস্ব
সিলেটের জৈন্তাপুরে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু বহনকারী দুটি নৌকা জব্দ করে নষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত উপজেলার নিজপাট ইউনিয়নের বড়গাং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বড়গাং এলাকার ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত দুটি নৌকা জব্দ করে বিনষ্ট করা হয়।
অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জৈন্তাবার্তা/আরআর




