আগামী গ্রীষ্মের আগেই ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: অনিন্দ্য ইসলাম
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৬ PM

আগামী গ্রীষ্মের আগেই ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: অনিন্দ্য ইসলাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৮/২০২৬ ০৭:৩১:২৯ PM

আগামী গ্রীষ্মের আগেই ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: অনিন্দ্য ইসলাম

সংগৃহীত


আগামী গ্রীষ্মের আগেই দেশে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে উদ্যোক্তাদের নানা সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। এর ফলে আগামী গ্রীষ্মের আগেই ন্যুনতম ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে দেশ। 

আজ শনিবার দুপুরে যশোর পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ‘মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন, পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সভাপতিদের মঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি আরব তেলের ওপর ভাসছে। সেখানেও তেলের দাম বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রেও তেল-গ্যাসের দাম বেড়েছে। বিশ্ববাজারে দাম বাড়ছে। এ অবস্থায় আমাদের মতো আমদানিনির্ভর একটা দেশ কত দিন দাম সমন্বয় না করে থাকবে? তারপরও সরকার জনগণের কথা মাথায় রেখে দাম সমন্বয় করছে।’ 

মতবিনিময় সভায় শিক্ষকদের উদ্দেশে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকেই নৈতিক শিক্ষার ভিত গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও মানসম্মত স্যানিটেশন নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ রোধে অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সরকারি স্কুলে অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না। সরকারের পক্ষ থেকে তার দায়িত্ব নেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির প্রমুখ বক্তব্য দেন।

জৈন্তাবার্তা/ সুলতানা