সংগৃহিত
সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ১ লাখ ৪৭ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ ও ৭ সেপ্টেম্বর দুই দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির একটি বিশেষ অপারেশন দল এবং অধীনস্থ বিভিন্ন বিওপির সদস্যরা দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, কম্বল, গরু ও মহিষ জব্দ করা হয়। জব্দ করা এসব অবৈধ পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ১ লাখ ৪৭ হাজার টাকা।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে। জব্দ করা চোরাচালানি পণ্যের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




