টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে গান-বাজনা ও পার্টি বন্ধ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ PM

টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে গান-বাজনা ও পার্টি বন্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০৪:৪৯:২২ PM

টাঙ্গুয়ার হাওরে  হাউসবোটে গান-বাজনা ও পার্টি বন্ধ

সংগৃহিত


প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পর্যটক ও হাউসবোট সংশ্লিষ্টদের জন্য জরুরি নির্দেশনাসংবলিত সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার জয়পুর-গোলাবাড়ি এলাকায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সাইনবোর্ডটি স্থাপন করা হয়। এতে নেতৃত্ব দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। এ সময় প্রশাসনের কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সাইনবোর্ডে থাকা ডিজিটাল কিউআর কোড স্ক্যান করে পর্যটক ও হাউসবোট সংশ্লিষ্টরা ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ-২০২৫’ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। পাশাপাশি হাওরে ভ্রমণের সময় করণীয় ও বর্জনীয় বিষয়গুলোও জানা যাবে।

প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষিত টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

হাউসবোট ও পর্যটকদের জন্য ১০ নির্দেশনা

১. টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় পর্যটকবাহী হাউসবোট ও নৌযানের প্রবেশ ও চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।

২. হাউসবোটে পর্যটকদের জন্য আচরণবিধি দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং তা মেনে চলা নিশ্চিত করতে হবে।

৩. হাউসবোটে উচ্চস্বরে গান-বাজনা, মাইক ব্যবহার ও কোনো ধরনের পার্টি আয়োজন করা যাবে না।

৪. একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন সম্পূর্ণ নিষিদ্ধ। নিরাপদ পানীয় জলের জন্য হাউসবোটে পানি বিশুদ্ধকরণ ফিল্টার রাখতে হবে।

৫. প্রতিটি হাউসবোটের দৈর্ঘ্য সর্বোচ্চ ১০০ ফুটের মধ্যে রাখতে হবে।

৬. জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য প্রয়োজনীয় ফোন নম্বর দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।

৭. পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফবয় রিং ও অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে হবে। গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রেও যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৮. প্রতিটি হাউসবোট ও নৌযানে পর্যাপ্ত ডাস্টবিন রাখতে হবে।

৯. প্রতিটি ভ্রমণে বর্জ্য ব্যবস্থাপনার যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। হাউসবোটের মালিক ও ট্যুর অপারেটরকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

১০. দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, টাঙ্গুয়ার হাওর শুধু সুনামগঞ্জের নয়, এটি দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের আধার। পর্যটক ও হাউসবোট সংশ্লিষ্ট সবাইকে পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেন, সাইনবোর্ডে থাকা কিউআর কোড স্ক্যান করলেই পর্যটকরা ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ-২০২৫’-এর নির্দেশনাগুলো সহজে জানতে পারবেন। নিয়ম মেনে পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা কার্যক্রমের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ