সংগৃহিত
মৌলভীবাজারের বড়লেখায় সাবেক প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাতে পৌরশহরের নেহার মার্কেটে মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সোমবার বাদ যোহর স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ বড়লেখার গাংকুল গ্রামে মরহুমের কবর জিয়ারত করেন।
স্মৃতি পরিষদের উপদেষ্টা ও বিএনপি নেতা মুজিব রাজা চৌধুরীর সভাপতিত্বে এবং পরিষদের সভাপতি আব্দুল হাফিজ চৌধুরী আবুর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মৃতিচারণমূলক আলোচনা সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক ফখরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রব, বিএনপি নেতা হারুনুর রশীদ ও কামরুল ইসলাম।
এছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি সেলিম উদ্দিন, দাসেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন বাহার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার আহমদ ফাহিম, ছাত্রদল নেতা আমানুর রহমান আমান ও রেদওয়ান আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




