‘তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই বিএনপির আসল শক্তি’ - নাসিম হোসাইন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ PM

২৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

‘তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই বিএনপির আসল শক্তি’ - নাসিম হোসাইন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ১০:০৬:৩২ PM

‘তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই বিএনপির আসল শক্তি’ - নাসিম হোসাইন

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই বিএনপির আসল শক্তি। দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে দলের নেতাকর্মীরা নিজেদের ত্যাগ ও নিষ্ঠার প্রমাণ দিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশে জনগণের রায়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক ধারাকে আরও সুসংহত করতে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে। প্রতিটি পাড়া-মহল্লায় বিএনপি সরকারের সাফল্যের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি জনগণের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার করতে হবে।’

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতায় নগরীর ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সোমবার আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় ও গতিশীল করার বিকল্প নেই। নবগঠিত আহ্বায়ক কমিটি ২৮ নম্বর ওয়ার্ডে বিএনপিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘সব ধরনের উসকানি ও ষড়যন্ত্র মোকাবিলা করে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনগণের পাশে থেকে কাজ করতে হবে।’

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি আফজাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল ও আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও দেওয়ান জাকির।

এ ছাড়া বক্তব্য দেন সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ডা. এম এ হক বাবুল, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, কৃষিবিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডা. এনামুল হক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিভাগীয় সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক কামাল হাসান জুয়েল, দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হোসেন আহমদ রাহুল ও সদস্য সচিব নুরুল আমিন প্রমুখ।

সভায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে মকসুদ আহমদকে আহ্বায়ক এবং হাবিবুর রহমান মাছুমকে সিনিয়র সদস্য করে ১৫ সদস্যবিশিষ্ট সিলেট মহানগর বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে মহানগর বিএনপির নেতারা সাংগঠনিক দিকনির্দেশনা দেন এবং ওয়ার্ড পর্যায়ে দলের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ