ছবি:সংগৃহীত
সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সিলেট মহানগরীর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষ্ণ দাস (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে।
মঙ্গলবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহত কৃষ্ণ দাস হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালে ৩ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন শনাক্ত হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৪ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ৩ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ২৩৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ১০৮ জন, সিলেটে ৪৬ জন, মৌলভীবাজারে ৫২ জন এবং সুনামগঞ্জে ২৪ জন রোগী শনাক্ত হয়েছেন।
এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গুতে মোট দুইজনের মৃত্যু হলো।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




