রাষ্ট্রপতির এপিএস হলেন সিলেটের তৈমুর হোসেন খান বিপুল
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ PM

রাষ্ট্রপতির এপিএস হলেন সিলেটের তৈমুর হোসেন খান বিপুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ০৯:৩২:২৫ PM

রাষ্ট্রপতির এপিএস হলেন সিলেটের তৈমুর হোসেন খান বিপুল

ছবি:সংগৃহীত


সিলেটের ফেঞ্চুগঞ্জের কৃতী সন্তান ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা তৈমুর হোসেন খান বিপুল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

তৈমুর হোসেন খান বিপুল সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সরকারখানা এলাকার বাসিন্দা। ফেঞ্চুগঞ্জের কাশেম আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাসের পর ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজে অধ্যয়নকালে ছাত্ররাজনীতিতে যুক্ত হন তিনি। পরবর্তী সময়ে সিলেটে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিলেটের বিভিন্ন ন্যায্য দাবি আদায় এবং জাতীয়তাবাদী আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে রাজপথে সক্রিয় নেতৃত্ব দিয়েছেন তিনি।

রাজনৈতিক অঙ্গনে একজন সুবক্তা হিসেবেও পরিচিত তৈমুর হোসেন খান বিপুল। বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশে তাঁর বক্তব্য নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলত।

দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকায় বসবাস করছেন তিনি। রাজনৈতিক জীবনে বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হওয়ার পাশাপাশি মামলা-হামলারও শিকার হয়েছেন বলে তাঁর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পাওয়ার খবরে ফেঞ্চুগঞ্জ ও সিলেটের রাজনৈতিক অঙ্গনে তাঁর অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা আশা করছেন, নতুন দায়িত্বে তিনি তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ