৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে মহিলা দলের র‌্যালি ও সমাবেশ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ PM

নারীদের বাদ দিয়ে সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ সম্ভব নয়: নাসিম হোসাইন

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে মহিলা দলের র‌্যালি ও সমাবেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ০৬:২৪:১৮ PM

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে মহিলা দলের র‌্যালি ও সমাবেশ

ছবি:সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে সিলেট মহানগর মহিলা দলের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্ট থেকে র‌্যালিটি বের হয়। পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

র‌্যালির উদ্বোধন করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। এর আগে কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত র‌্যালিপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর মহিলা দলের সভানেত্রী নিগার সুলতানা ডেইজি। সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক রেহেনা ফারুক শিরীন, সিনিয়র সহ-সভাপতি আসমা আলম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সাফিয়া খাতুন মনি, রিনা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়া মহানগরের ৪২টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাসিম হোসাইন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দেশের নারীসমাজের অন্যতম প্রধান সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের সফলতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে মহিলা দলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। নারীদের বাদ দিয়ে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই নারীসমাজকে ঐক্যবদ্ধ করে তাদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মহিলা দলকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে নিগার সুলতানা ডেইজি বলেন, দেশের নারীদের আত্মনির্ভরশীল ও অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে বিএনপি নানা পরিকল্পনা গ্রহণ করেছে। ভবিষ্যতে নারীদের সামনে রেখে প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারের নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে তাদের ক্ষমতায়নের পাশাপাশি পরিবার ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করা হচ্ছে।

মহিলা দলের নেতাকর্মীরা অতীতের মতো ভবিষ্যতেও দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন উল্লেখ করে নিগার সুলতানা ডেইজি বলেন, নারী নির্যাতন, বৈষম্য ও অধিকারহীনতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।

সমাবেশ শেষে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগান নিয়ে বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন। এতে সিলেট মহানগর মহিলা দলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ