সংগৃহিত
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু ও বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ‘মিথ্যা ও অপপ্রচারমূলক’ তথ্যের প্রতিবাদ জানিয়েছে বর্ণী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যায় বর্ণী ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলা হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিন বায়েছের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছায়ফুজ্জামান ছরওয়ারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন—সিনিয়র সহসভাপতি আব্দুছ সুবহান, সহসভাপতি সেরুজ্জামান চৌধুরী বেনু, সহসভাপতি ডা. কয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান খোকন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাব উদ্দিন, সাবেক আহ্বায়ক আব্দুর রহিম বুদু, যুবদলের আহ্বায়ক রুহেল আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া হোসেন, সদস্য সচিব ফয়ঋল আহমদ এবং ইউপি ছাত্রদলের সভাপতি আক্তার হোসেন রেদুয়ান।
বক্তারা বলেন, সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু ও ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
তারা আরও বলেন, বর্ণী ইউনিয়নসহ বড়লেখা ও জুড়ী উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে দুর্বল করা এবং সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করার উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
বক্তারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে অপপ্রচারকারীদের অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন।
সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই-বাছাই না করে বিশ্বাস না করারও আহ্বান জানান তারা।
প্রতিবাদ সভায় বর্ণী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




