মাধবকুণ্ড জলপ্রপাত এলাকায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ PM

বড়লেখায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন

মাধবকুণ্ড জলপ্রপাত এলাকায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৬ ০৬:২৩:০২ PM

মাধবকুণ্ড জলপ্রপাত এলাকায়  ডেঙ্গু প্রতিরোধ অভিযান

সংগৃহিত


ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সারা দেশের মতো মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে পর্যটনকেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাত এলাকা থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুব।

পর্যটনকেন্দ্রের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বড়লেখা পৌরসভা ও ৮ নম্বর দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় চারটি ডাস্টবিন স্থাপন করা হয়। পাশাপাশি বন বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান, রেঞ্জ কর্মকর্তা নিলোৎপল সরকার, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলিম উদ্দিন, ইউপি সদস্য ফজল মাহমুদ পলাশ, আপ্তাব উদ্দিন, মো. হিফজুর রহমান, লিয়াকত আলী, আব্দুর রব, শাহানাজ আক্তার, সুলেখা পাল, ফাতেমা বেগম প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুব বলেন, গত শনিবার দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর ঘোষণার সঙ্গে সংহতি প্রকাশ করে স্থানীয় পর্যায়ে ডেঙ্গুর বিস্তার রোধে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ঝোপঝাড় ও জমে থাকা পানি পরিষ্কার এবং সরকারি-বেসরকারি ও সামাজিক উদ্যোগের মধ্যে সমন্বয় করা হবে।

একই সঙ্গে বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হবে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

জৈন্তা বর্তা / ওয়াদুদ