জৈন্তাপুরে রেস্টুরেন্ট থেকে নি/খোঁজ দুই মাদ্রাসাছাত্র উ/দ্ধার
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ PM

জৈন্তাপুরে রেস্টুরেন্ট থেকে নি/খোঁজ দুই মাদ্রাসাছাত্র উ/দ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ০৩:১৮:৪০ PM

জৈন্তাপুরে রেস্টুরেন্ট থেকে নি/খোঁজ দুই মাদ্রাসাছাত্র উ/দ্ধার

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে এসআরবির গণমাধ্যম শাখা।

উদ্ধার হওয়া দুই কিশোর হলো- সিলেটের জকিগঞ্জ থানার উত্তর মনসুরপুর এলাকার বেবুল আহমদের ছেলে মো. সাইদ মাসুদ চৌধুরী নাইম (১৫) এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার বড়বন এলাকার আব্দুস সাত্তারের ছেলে তামিম আহমদ (১৫)।

তারা দুজনই সিলেট নগরের শাহপরাণ থানার খাদিমপাড়া এলাকার জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী।

এসআরবি জানায়, গত ১৫ সেপ্টেম্বর ফজরের নামাজের সময় তারা দুজন মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিষয়টি মাদ্রাসার পরিচালক তোফায়েল আহমদ তাদের অভিভাবকদের জানান। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে শাহপরাণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন অভিভাবকরা।

এর মধ্যে গত ১৭ সেপ্টেম্বর নাইমের বাবার মোবাইলের ইমো অ্যাপে একটি নম্বরবিহীন অ্যাকাউন্ট থেকে ভয়েস মেসেজ পাঠিয়ে টাকা দাবি করা হয়। পরে ভিডিও কলে নাইমের মতো দেখতে এক কিশোরকে হাত-পা বাঁধা অবস্থায় মারধরের দৃশ্য দেখানো হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এরপর বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে এসআরবি। তদন্তের একপর্যায়ে জৈন্তাপুরের ‘মায়ের দোয়া শাহজালাল রেস্টুরেন্টে’ অভিযান চালিয়ে দুই কিশোরকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, মাদ্রাসায় পড়তে অনাগ্রহী হওয়ায় তারা সেখান থেকে পালিয়ে ওই রেস্টুরেন্টে চাকরি নেয়। তাদের মধ্যে একজন এর আগেও একাধিকবার মাদ্রাসা থেকে পালিয়েছিল বলে জানিয়েছে এসআরবি।

উদ্ধারের পর দুই কিশোরকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ