ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখায় দেশের সর্ববৃহৎ হাকালুকি হাওরের অন্যতম বৃহৎ সরকারি জলমহাল ‘গোটাউরা হাওরখাল বদ্ধ’ জলমহালের একসনা খাস কালেকশনের প্রকাশ্য ইজারা নিলাম স্থগিত করা হয়েছে। কাঙ্ক্ষিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম ২৮ ঘণ্টার জন্য স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা উপজেলার হাকালুকি ইউনিয়ন ভূমি অফিসে এ নিলাম অনুষ্ঠিত হয়। এতে নিবন্ধিত বিভিন্ন মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধিরা অংশ নেন।
প্রকাশ্য নিলামে জলমহালটির সর্বোচ্চ দর ওঠে ৫০ লাখ ৫০ হাজার টাকা। তবে নির্ধারিত কাঙ্ক্ষিত দর না ওঠায় সরকারি স্বার্থ বিবেচনায় নিলাম কার্যক্রম আরও ২৪ ঘণ্টার জন্য স্থগিত করা হয়। নিলাম কার্যক্রম পরিচালনা করেন বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া।
এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমানসহ সংশ্লিষ্টরা।
সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া বলেন, ‘নির্ধারিত উপযুক্ত দর না ওঠায় সরকারি স্বার্থ বিবেচনায় নিলাম প্রক্রিয়ায় আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। উপজেলা ও জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, গত বছরও জলমহালটি খাস কালেকশনের আওতায় প্রকাশ্য নিলামে দেওয়া হয়েছিল। সে সময় ভ্যাট ও আইটিসহ প্রায় ২ কোটি টাকায় ইজারা দেওয়া হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




