সংগৃহিত
সিলেটের ওসমানীনগরে এক যুবককে মারধর করে নগদ এক লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে অচেতন অবস্থায় ডোবায় কচুরিপানার নিচে ফেলে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ও আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছেন ছালেহ আহমদ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার উমরপুর ইউনিয়নের সৈয়দ মান্দারুকা (গুচ্ছগ্রাম) এলাকার সাকিস্থ ইটখোলার সামনে একটি সরকারি ডোবার কাছে এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, ছালেহ আহমদের ভাতিজা ইমাদ আলী গরু কেনার জন্য সঙ্গে এক লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মিনার মিয়া (২০), আফজল মিয়া (২২), রিপন মিয়া (২৩) ও ছইফ উদ্দিন (২০)সহ কয়েকজন তার ওপর হামলা চালান। এ সময় মারধর করে তার কাছ থেকে এক লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে অচেতন অবস্থায় ডোবার কচুরিপানার নিচে ফেলে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন ইমাদ আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বালাগঞ্জ উপজেলা হাসপাতালে পাঠান। এ সময় ঘটনাস্থলে এগিয়ে আসা ওয়াহিদ মিয়া নামের আরও এক যুবককেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী আরও দাবি করেন, ঘটনার পর অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশ এবং লাশ গুমের হুমকি দিয়েছেন।
এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ওসমানীনগর থানার কর্মকর্তা গোলাম মোস্তফা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তক্রমে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




