ছবি:সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজারে ভাতিজিকে ধ/র্ষ/ণে/র অভিযোগে মো. হাচান আহমেদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও এসআরবি-১১-এর যৌথ দল।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর থানার মেইন রোড এলাকার আনন্দ বেকারির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাচান আহমেদ সিলেটের বিয়ানীবাজার থানার খশির নয়াবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি আক্তার আলীর ছেলে।
এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ আগস্ট বিকেলে ভুক্তভোগী শিশুটির মা নামাজ পড়ার সময় অভিযুক্ত হাচান আহমেদ তাকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে ঘটনার বিষয়ে কাউকে না জানানোর জন্য ভুক্তভোগীকে ভয়ভীতি দেখানো হয়।
পরবর্তীতে অভিযুক্ত বিভিন্ন সময়ে ভুক্তভোগীকে তার ঘরে যাওয়ার জন্য ডাকাডাকি করলে সে অনীহা প্রকাশ করে। বিষয়টি ভুক্তভোগীর মায়ের সন্দেহ হলে তিনি মেয়ের কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে পারেন। পরে গত ৫ সেপ্টেম্বর ভুক্তভোগীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা করেন। মামলার পর আসামিকে গ্রেপ্তারে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ সদর কোম্পানি, সিলেট ও এসআরবি-১১ সিপিসি-৩, নোয়াখালীর একটি যৌথ দল রায়পুরে অভিযান চালিয়ে হাচান আহমেদকে গ্রেপ্তার করে।
এসআরবি জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বিয়ানীবাজার থানার মামলা নম্বর-১০, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা রয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




