ছবি:সংগৃহীত
ঐতিহ্যবাহী দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাতে সিলেট নগরীর তাঁতিপাড়াস্থ বিদ্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গভর্নিং বডির সভাপতি বদরুজ্জামান সেলিম বলেন, ‘এই বিদ্যালয় থেকে বহু গুণী ও খ্যাতনামা ব্যক্তি বের হয়ে দেশ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।’
তিনি জানান, প্রায় ২০ বছর ধরে অসম্পূর্ণ থাকা বিদ্যালয়ের পুরোনো মসজিদের নতুন ভিত্তিপ্রস্তর স্থাপন করে পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। শতবর্ষ উদযাপনের আগেই এর কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে শতবর্ষ উদযাপনের আগেই বিদ্যালয়টি সরকারীকরণের লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীসংখ্যা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বদরুজ্জামান সেলিম বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক পরিবেশ উন্নয়নে শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ের দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য এবং শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে বিভিন্ন স্মৃতিচারণ করেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের (এইডেডিয়ান) কাছে শতবর্ষ উদযাপনের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় জানানো হয়, শতবর্ষ উদযাপন উপলক্ষে ‘শতবর্ষে দি এইডেড হাই স্কুল’ নামে একটি ব্যাংক হিসাব খোলা হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় শতবর্ষ উদযাপন উপলক্ষে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে শতবর্ষ পূর্তির লোগো উন্মোচন করা হবে। মূল অনুষ্ঠান ২০২৮ সালের ৬, ৭ ও ৮ জানুয়ারি তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের জন্য ৫১ সদস্যবিশিষ্ট একটি প্রস্তুতি কমিটিও গঠন করা হয়েছে।
১৯৭০ ব্যাচের শিক্ষার্থী ইয়াহিয়া আহমদের সভাপতিত্বে সভায় শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, রমাপদ ভট্টাচার্য, বনমালী কুমার রায়, আব্দুল্লাহ আল মামুন, শামসুল বাছিত শ্যারো, মো. নুরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মুমিন আলম, নাসির উদ্দিন আহমদ, মো. মরহম আলী, মো. নাজিম উদ্দিন পান্না, মো. আমিনুল ইসলাম ডিনেস, ডা. শামীম আহমদ, মো. সাদেকুর রহমান, মো. শাহেদ আহমদ রুহেল, এটিএম ইকবাল, দেওয়ান আল আমিন, মো. নওশাদ হোসেন, মো. শাওন আহমদ, মোহাম্মদ মামুনুর রহমান, মো. জাফর সাদেক, মোহাম্মদ এহছানুল হক তাহের, এবিএম আয়াত হোসেন, হাসান আহমদ শাহীন, মো. আমিনুর রহমান তামিম, মো. মাহবুব ইকবাল মুন্না, আবু মোহাম্মদ ইমতিয়াজ খান, তাহমিদুল হাসান জাবেদ, সাদেক আহমেদ সুহেল, ফয়ছল মো. আবুল মহসীন, মো. মশিউল আলম মামুন, মো. সেলিম আহমদ, মকসুদ আহমদ, এস এস রশিদুল ইসলাম, সমিরন তালুকদার, রতন রায়, আব্দুল আহাদ নাসিম, মনজ কান্তি দে, অ্যাডভোকেট হোসেন আহমদ সিপন ও গোলাম বারিকসহ শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা।
সভায় বক্তারা বলেন, দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপন শুধু একটি প্রতিষ্ঠানের শতবর্ষ পূর্তি নয়; এটি প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের স্মৃতি ও আবেগের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ আয়োজন। তাঁরা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সব এইডেডিয়ানকে শতবর্ষ উদযাপনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




